রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কোটালীপাড়ায় ‘আমার দেশ’ প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির পাহাড়, আদালতে মামলা

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে চাঁদা দাবি, হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগে থানা, আদালত ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে সরকারি কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠান ও শিক্ষকরাও রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তারাশী গ্রামের মনিরুজ্জামান জুয়েল সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিমান বাহিনীতে যোগ দেন। পরবর্তীতে দেবোত্তর সম্পত্তি দখল ও অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু হলে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর এলাকায় এসে সাংবাদিকতার আড়ালে ‘জ্ঞানের আলো পাঠাগার’ নামের একটি সংগঠনের ব্যানারে অসহায়দের সেবার নামে এবং বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

তার অনিয়মের বিরুদ্ধে সম্প্রতি কোটালীপাড়ার ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সহকারী প্রধান শিক্ষিকা তপতী বাড়ৈ গত ৬ জানুয়ারি তার বিরুদ্ধে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে পিবিআই তদন্ত করছে। পাশাপাশি ১২ এপ্রিল সৌরভ ট্রেডার্স ও ৮ জানুয়ারি মজুমদার কোটালীপাড়া লিমিটেড নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানও থানায় চাঁদাবাজির অভিযোগ করেছে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান জুয়েল একে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক জানিয়েছেন, জুয়েলের বিরুদ্ধে প্রাপ্ত সব অভিযোগ আইনি প্রক্রিয়ায় গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: