রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন

নড়াইলে খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: মার্কিন-ইসরাইল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচ পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজা পরিচালনা করেন হাফেজ মঈনুল ইসলাম। এতে জরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মরিচ পাশা, বাবরা ও নাওরা গ্রামসহ বিভিন্ন গ্রামের মুসল্লীরা, শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজার আয়োজক মাস্টার মো. আমানউল্লাহ বলেন, মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

আলী খামেনি ইরানে ইসলামী বিপ্লবের নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: