সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ০৬ জুলাই ২০২৬ (সোমবার) জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপনের অংশ হিসেবে এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি জনাব বিল্লাল হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপকারভোগীবৃন্দ।
সভায় বক্তারা জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, একটি উন্নত, আত্মনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত প্রত্যেকের হাতে দুটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।