বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ জুলাই ২০২৬, বুধবার) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মুন্সীগঞ্জ জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মুন্সীগঞ্জ সনাক সদস্য ও সনাকের শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা আক্তার।
সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও মানসম্মত পাঠদান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের শিখন ঘাটতি মেটাতে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, অতিরিক্ত বা অননুমোদিত ফি আদায় বন্ধ রাখা, শারীরিক ও মানসিক শাস্তি এবং ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণ বন্ধকরণ, বিদ্যালয়ে যৌন হয়রানি রোধে সুরক্ষামূলক ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কার, বিদ্যালয় প্রাঙ্গণ ও ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সীমানা প্রাচীর নির্মাণ, নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করা, সিটিজেন চার্টার ও মনিটরিং বোর্ড স্থাপন, অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন, এসএমসি সক্রিয়করণসহ বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন সনাক সদস্যবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ সুপারিশসমূহ বাস্তবায়নে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।