মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০০৯ সালের আলোচিত হিরন হত্যা মামলায় দীর্ঘ ১৭ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। এ মামলায় ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাছিম বিল্ল্যাহ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের আব্দুল মজিদ হিরন নামাজ আদায় ও রাতের খাবার শেষে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ে একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলাটিতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
এ মামলায় অভিযুক্ত অন্য ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া বিচারাধীন অবস্থায় ২ আসামির মৃত্যু হওয়ায় তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রমের অবসান ঘটে। বহুল আলোচিত এই হত্যা মামলার দীর্ঘ ১৭ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণার মধ্য দিয়ে মামলাটির আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো।