বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্ধারিত পদগুলোর বিপরীতে একক প্রার্থী থাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না হওয়ায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রবিধান অনুযায়ী নতুন কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব মোঃ তৌফিকুল ইসলাম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জনাব সাইফুল ইসলাম।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মোহাম্মদ শাহজাহান কবীর, এস. এম. নিয়ামতে খোদা ইকবাল হোসেন, আহসান উদ্দিন আহমেদ, দুলাল খান ও জিয়াউর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ মোহাম্মদ কটন স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে একজন, সেক্রেটারি পদে একজন এবং সদস্য পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিটি পদেই একক প্রার্থী থাকায় উপস্থিত সদস্যদের সম্মতি ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের আগামী তিন বছরের (২০২৬–২০২৮) জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
বিশেষ সাধারণ সভায় গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন ও সাধারণ সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির নেতৃত্বে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।