শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে শনিবার জেলা প্রশাসন ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কেন্দ্রীয় উদ্বোধনী কর্মসূচির সঙ্গে গোপালগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-প্রতিনিধিরা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই অভিযানের সূচনা করেন।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে জেলা শহরের প্রধান সড়ক সমূহে এক সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে হাসপাতাল এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোসহ লার্ভা ধ্বংসের নানা পদক্ষেপ গ্রহণ করেন সংশ্লিষ্টরা। আগামী তিন মাস জেলা জুড়ে এই মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। জনসাধারণকে সহযোগিতার অনুরোধ করেন।