রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে সেবাগ্রহীতা ও সাধারণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে প্রয়োজনীয় অর্থ সহায়তার আশ্বাস দেন। স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের জন্য প্রায় ৩ কোটি টাকা প্রয়োজনের কথা জানানো হলে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি পর্যায়ক্রমে আরও অনুদান দেওয়ার কথা জানান।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা, অবকাঠামো, প্রয়োজনীয় সরঞ্জাম ও রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় স্থানীয় নাগরিক ও সেবাগ্রহীতারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টরা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।