মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প একসময় টলিউডে ছিল বহুল আলোচিত। সম্পর্ক ভেঙে গেলেও তাদের নিয়ে দর্শকের আগ্রহ কমেনি। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা। তবে সিনেমার প্রচারের বদলে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দেবকে। আর সেই কারণেই শুভশ্রীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও এখন ভয় পান তিনি।
দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী অভিনীত নতুন সিনেমা ‘দেশু ৭’। সিনেমাটির প্রচারে দুজনকে একসঙ্গে দেখা গেলেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হচ্ছে বলে বিরক্তি প্রকাশ করেছেন দেব।
সম্প্রতি কলকাতায় একটি স্যালোন উদ্বোধনের অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন অভিনেতা। তিনি জানান, শুভশ্রীর সঙ্গে এখন তারা ভালো বন্ধু। কিন্তু প্রকাশ্যে দুজন স্বাভাবিকভাবে কথা বললেই সেটিকে ঘিরে নানা ধরনের ভিডিও ও আলোচনা শুরু হয়ে যায়।
দেব বলেন, একসময় শুভশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এখন তারা বন্ধু। কিন্তু সেই বন্ধুত্বটাও প্রকাশ্যে স্বাভাবিকভাবে দেখানোর সুযোগ নেই। এমনকি কোনো অনুষ্ঠানে শুভশ্রীকে আলিঙ্গন করলেও সেটি নিয়ে ভিডিও তৈরি হচ্ছে।
অভিনেতার মতে, এসব কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তারা খুব একটা একসঙ্গে বের হচ্ছেন না। কারণ, প্রচারে গেলেই সিনেমার গল্প, অভিনয় কিংবা নির্মাণের বদলে তাদের সম্পর্ক, বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়েই প্রশ্ন করা হয়।
দেবের আক্ষেপ, ‘দেশু ৭’ নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও বারবার সামনে আসছে তার ও শুভশ্রীর সম্পর্কের প্রসঙ্গ। অথচ সিনেমাটিতে তিনি নতুন ধরনের নির্মাণভঙ্গি তুলে ধরেছেন। দীর্ঘদিন পর একটি বাংলা সিনেমার শুটিং লাদাখেও হয়েছে। কিন্তু এসব বিষয় সেভাবে আলোচনায় আসছে না।
বড় বাজেটের ‘দেশু ৭’-এ দেবের সঙ্গে জুটি বেঁধেছেন শুভশ্রী। টিজার প্রকাশের পর সিনেমাটির অ্যাকশন দৃশ্য নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি রয়েছে দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও।
দেব জানান, শুধু শুভশ্রীকে নিয়ে কয়েক দিনের শুটিং করেই চাইলে একাধিক সিনেমা তৈরি করা সম্ভব ছিল। তাতে ব্যবসায়িক সাফল্যও আসত। কিন্তু সেই পথে না গিয়ে ‘ধূমকেতু’র পর দর্শক যেভাবে তাদের দুজনকে দেখতে চেয়েছেন, সেই প্রত্যাশা মাথায় রেখেই ‘দেশু ৭’ নির্মাণ করেছেন তিনি।
সিনেমাটিতে দেব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে। দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তির আগে টিকিট বিক্রিতেও দর্শকের আগ্রহের আভাস মিলেছে।