মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল ও সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে গণ অবস্থান ও প্রতিবাদ মিছিল হয়েছে। আজ(১৪ সেপ্টেম্বর) সকালে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, যাত্রী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ঢাকা আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, চালকদের মাদক পরীক্ষা, যানবাহনের ফিটনেস নিশ্চিত এবং অতিরিক্ত যাত্রী বহন বন্ধের দাবি জানানো হয়।
মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খন্দকার তুহিন হোসেন বলেন, সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো পরিবহনের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালালে কিংবা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ থাকলে সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা দরকার। চালকের লাইসেন্স ও দক্ষতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা এবং গাড়ির ফিটনেস পরীক্ষা নিশ্চিত করতে হবে। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে দুর্ঘটনার ঝুঁকি আগে চিহ্নিত করে তা প্রতিরোধ করাই বেশি জরুরি।
তিনি আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। এর মধ্যে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও রয়েছে। তাঁদের নিরাপদে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। সেলফি পরিবহন নিয়ে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে মহাসড়কে চলাচলকারী সব পরিবহনের ক্ষেত্রেই আইন সমানভাবে প্রয়োগ করতে হবে।
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মো. পীযূষ ফাইটার বলেন, সড়কে একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, একটি পরিবারকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়। তাই পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যায় না। সেলফি পরিবহনের বিরুদ্ধে সাধারণ যাত্রীদের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
তিনি বলেন, চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা, যানবাহনের ফিটনেস এবং নির্ধারিত গতিসীমা নিশ্চিত করতে হবে। কোনো পরিবহন নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে আন্দোলন করছি না; সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এ কর্মসূচি। দাবি বাস্তবায়ন না হলে শান্তিপূর্ণভাবে আন্দোলন আরও জোরদার করা হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. চঞ্চল মিয়া, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মো. মির্জা আব্বাস,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব মিয়া, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আলমাস মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই সেলফি পরিবহন বয়কট চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীরা বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ মিছিল করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সেলফি পরিবহনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মহাসড়কে সব পরিবহনের চলাচলে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।