বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

জাকসুর উদ্যোগে জাবির ২১ হলে কম্পিউটার বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনা ও দাপ্তরিক কাজ আরও সহজ করার এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) পক্ষ থেকে ক্যাম্পাসের সবকটি আবাসিক হলের রিডিং রুমের জন্য কম্পিউটার সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়।

হলগুলোর পাশাপাশি ক্যাম্পাসের পেশাদার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং প্রেসক্লাবকেও একটি করে কম্পিউটার প্রদান করা হয়েছে। নির্ধারিত দিনে জাকসু ভবনে এক অনাড়ম্বড় অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন হলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের হাতে এসব প্রয়োজনীয় ডিভাইসগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনে প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে জাকসুর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে অ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন প্রস্তুত কিংবা বিভিন্ন অ্যাকাডেমিক সফটওয়্যারের কাজ করার জন্য কম্পিউটার বা ল্যাপটপের বিকল্প নেই। কিন্তু অনেক শিক্ষার্থীরই নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার কেনার আর্থিক সামর্থ্য না থাকায় তাদের নিয়মিত বিভিন্ন ভোগান্তির মুখে পড়তে হতো এবং অন্যের ডিভাইসের ওপর নির্ভর করতে হতো। শিক্ষার্থীদের সেই দুর্ভোগ লাঘব করতেই আবাসিক হলের রিডিং রুমে এই ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামের দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, এই কম্পিউটারগুলো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য এক একটি আমানতস্বরূপ। শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন ও পরিপক্ব হওয়ায় এই মূল্যবান সম্পদগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবে এবং দীর্ঘস্থায়ী ব্যবহারে নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দেবে বলেই তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: