রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা শেখ হাসিনার ফেরার চেয়ে ভারতের মন্ত্রী-নেতাদের গরজ বেশি মনে হচ্ছে: পরওয়ার আইইউবিতে সিজেইএন বাংলাদেশের ১১তম সম্মেলন: সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যতের ওপর জোর ৪৬তম বিসিএসের গেজেট বিশ্লেষণ: ভেরিফিকেশনে বাদ ৪১ ১০০ দিনে স্টুডেন্ট ফর্মুলা ওয়ান গাড়ি বানিয়েছে আইইউটি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ বিএনপি ব্যর্থ, তাদের নেতৃত্বে লড়াই হবে না: নাহিদ ইসলাম চলন্ত বাসে প্রসবব্যথা, ভয়কে জয় করার এক গল্প সাড়ে ৫ বছরে পাঁচ হাজারের বেশি বাল্যবিবাহ ঠেকিয়েছে কিশোর-কিশোরী ক্লাব

আইইউবিতে সিজেইএন বাংলাদেশের ১১তম সম্মেলন: সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যতের ওপর জোর

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, অনলাইনে অপতথ্যের ক্রমবর্ধমান বিস্তার এবং পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি শেষ হয়েছে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক বা সিজেইএন বাংলাদেশের ১১তম বার্ষিক নেটওয়ার্কিং সম্মেলন। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বা আইইউবির বসুন্ধরা ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিকতা বিভাগের শিক্ষক, গবেষক ও বিশিষ্ট সংবাদকর্মীরা অংশ নেন। আধুনিক প্রযুক্তির যুগে সাংবাদিকতা শিক্ষার পাঠ্যক্রম কীভাবে ঢেলে সাজানো যায় এবং শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলা যায়, সে বিষয়ে বিস্তর আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয় এই সম্মেলনে।

আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের আয়োজনে এই সম্মেলনে সার্বিক সহযোগিতা প্রদান করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিডব্লিউ একাডেমি এবং অর্থায়ন করে জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। পরিবর্তনের মুখে গণমাধ্যম শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবিলা প্রতিপাদ্যে আয়োজিত এই আসরে জমা পড়া ১৪৫টি গবেষণাপত্রের মধ্য থেকে পর্যালোচনার ভিত্তিতে ৩৬টি মানসম্মত গবেষণাপত্র নির্বাচিত হয়। দেশের বিভিন্ন প্রান্তের গবেষকদের এই গবেষণাপত্রগুলোতে সংবাদকক্ষে প্রযুক্তির প্রভাব এবং অপতথ্য প্রতিরোধের নানা দিক উঠে আসে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইইউবির উপাচার্য অধ্যাপক এম তামিম শিক্ষা ও সমালোচনামূলক চিন্তার মাধ্যমে অপতথ্য মোকাবিলার সক্ষমতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। সিজেইএন বাংলাদেশের সভাপতি অধ্যাপক জুড ডব্লিউ আর জেনিলো কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক দিকগুলো কাজে লাগানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। এছাড়া ডিডব্লিউ একাডেমির এশিয়া ইউনিটের প্রধান সাবিনা ক্যাসাগ্রান্দে উল্লেখ করেন যে প্রযুক্তির অপব্যবহারের কারণে তথ্য বিকৃত হওয়ার প্রবণতা বাড়লেও তা সাংবাদিকদের মৌলিক দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও গবেষকেরা মূল প্রবন্ধ উপস্থাপন এবং প্যানেল আলোচনায় অংশ নেন। জ্যেষ্ঠ সাংবাদিক এম আবুল কালাম আজাদ শ্রেণিকক্ষ থেকে সংবাদকক্ষের প্রত্যাশা বিষয়ে আলোচনা করতে গিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও পূর্ণাঙ্গ পাঠ্যক্রম চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া মোবাইল সাংবাদিকতা, অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং, ডিজিটাল নিরাপত্তা এবং শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম প্রণয়নের ওপর একাধিক কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। শেষ দিনে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং সভার সফল সমাপ্তি ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: