শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল :
নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনে মনিরুল ইসলামের সমর্থক বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে অনেক নেতাকর্মীকে কাফনের কাপড় পরে অংশ নিতে দেখা যায়।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে নড়াইল মালিবাগ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নড়াইল-২ ( লোহাগড়া- নড়াইল একাংশ) আসনের ২০ টি ইউনিয়ন ও ২ টি পৌরর মনিরুল ইসলামের সমর্থক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে নড়াইল জেলা সাবেক সহ-সভাপতি তবিবর রহমান মন্নু জমাদ্দারের সভাপতিত্বে ও নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌর বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম প্রমুখ।
এছাড়াও সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন
সমাবেশে বক্তারা বলেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার পরিপন্থী। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে পুনরায়৷ দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে গত তিন দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি চলছে। এছাড়া একই দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরে মশাল মিছিল করেছেন তার অনুসারীরা।
উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। এর আগে এ আসনে (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের পরিবর্তে ড.ফরিদুজ্জামান ফরহাদকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়।