বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী বিদ্যালয় মাঠে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত অতিথিদের সঙ্গে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়।
পরে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান।
বিকেল ৪টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মো. হাফিজুর রহমান, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমানা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহসীন আলী, মাজহারুল ইসলাম, আলীমুজামান, নুরুন নাহার, জাহাঙ্গীর হোসেন, কল্পনা খাতুন, রেবেকা সুলতানা, সাধনা রানী বিশ্বাস, ফসিয়ার রহমান, দিলীপ কুমার চক্রবর্তী, আব্দুস সালাম, সুজিত সিংহ, রাখি বিল্লাহ, গুলশানারা কেয়া, মিতালী কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক এবং স্বপ্নযাত্রা মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নিলুফা ইয়াসমিন প্রমুখ।
এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান উৎসাহমূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষা হতে হবে সুশিক্ষা। শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশ ও শরীর গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। পরিবারের শিক্ষার পরই শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষাকে ধারণ করে। সবাইকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে শৃঙ্খলা, সময়জ্ঞান ও নিয়মানুবর্তিতার প্রতি খেয়াল রাখতে হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।