বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম
মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী

পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি

নিউজ ডেস্ক :: পোশাক শিল্পে শ্রমিকের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সাপ্লাই চেইনে কর্মরত সকল পক্ষের দায়বদ্ধতা বাড়ানো জরুরি। এ জন্য শুধু সংলাপ নয়, বাস্তব পদক্ষেপ এবং সিদ্ধান্ত গ্রহণে ট্রেড ইউনিয়ন ও কমিউনিটির কার্যকর অংশগ্রহণ প্রয়োজন।

দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ এবং মানবাধিকার ও পরিবেশগত ডিউ ডিলিজেন্স নিয়ে বৈশ্বিক প্রত্যাশাও বাড়ছে। এই বাস্তবতায় শ্রমিক ও কমিউনিটির অভিজ্ঞতা- সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করা এবং চিহ্নিত সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করা সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস ও এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর যৌথ উদ্যোগে এবং প্রকল্প কনসোর্টিয়াম সংস্থার সহযোগিতায় রাজধানীর ‘ফারস হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ গতকাল ২৫ নভেম্বর ২০২৬, বুধবার “বাংলাদেশের টেক্সটাইল খাতে ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন জোরদারকরণ”-শীর্ষক অংশীজন সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে বাস্তবায়িত প্রকল্পের শ্রমিকভিত্তিক পরিবীক্ষণ এবং কমিউনিটিভিত্তক পরিবীক্ষণ (সিবিএম) এর ফলাফল, অভিজ্ঞতা ও করণীয় তুলে ধরা ছিল এই আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে শোভন কাজ ও পরিবেশগত ন্যায্যতা প্রতিষ্ঠায় মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ (ম্যাপ) সদস্য ও অংশীজনদের সুপারিশ সংগ্রহ করা এবং এইচআরইডিডি বাস্তবায়ন জোরদারে ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

বিলস এর ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন এর সভাপতিত্বে এবং বিলস-এর যুগ্ম মহাসচিব শাকিল আখতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

ফেমনেট ই. ভি. -এর আন্তর্জাতিক প্রকল্প বিষয়ক প্রধান ড্যানিয়েলা বার্টশ প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন। ডব্লিউবিএম ফলাফল উপস্থাপন করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)-এর অফিসার স্বরণশাল ও বিলস-এর উদ্ধতন কর্মকর্তা মো. সায়দুজ্জামান মিঠু। সিবিএম ফলাফল উপস্থাপন করেন ইএসডিও-র প্রকল্প প্রধান রিফায়াত খান শিশির।

“টেকসই তৈরি পোশাক খাতের জন্য ডিউ ডিলিজেন্স জোরদারকরণ: শ্রমিকের অধিকার সুরক্ষা ও পরিবেশগত ন্যায্যতা প্রতিষ্ঠা” শীর্ষক প্যানেল আলোচনায় ইএসডিও-র সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ও মহাসচিব ড. শাহরিয়ার হোসেনের সঞ্চালনায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার অ্যালেনা জে. ট্যানসি, বিলস-এর ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) শ্রম ও কর্মক্ষেত্র বিষয়ক উপদেষ্টা মো. মাহফুজুর রহমান ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. এনায়েত হোসেন এবং সুডউইন্ড ইনস্টিটিউটের গবেষণা সহযোগী ড. সাবিন ফেরেনশিল্ড।

এছাড়া মুক্ত আলোচনায় ট্রেড ইউনিয়ন, কমিউনিটি প্রতিনিধি, সুশীল সমাজ সংগঠন, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, ক্রেতা, উন্নয়ন সহযোগী ও আইএনজিও প্রতিনিধিরা সুপারিশ তুলে ধরেন।

সম্মেলনে ইনকোটা-নেটপয়ার্ক ই.ভি. এর সিনিয়র পলিসি অ্যাডভাইজার বার্ন্ড হিনৎসম্যান ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

উদ্বোধনি বক্তব্যে বিল্স এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, তিন বছর ধরে আশুলিয়ায় পরীক্ষামূলকভাবে একটি নতুন মডেল চলছে, যেখানে পরিবেশ ও শ্রমিক অধিকারকে মানবাধিকারের অংশ হিসেবে একসঙ্গে দেখা হয়েছে। তিনি বলেন, ওই বিষয়গুলো সাধারণত আলাদা আলাদা সংগঠন আলাদাভাবে দেখে। সব একসঙ্গে করা যায় কি না এবং কতদূর কাজ হয়েছে, তা যাচাই করাই ছিল প্রকল্পের উদ্দেশ্য।

ফেমনেট ই.ভি.-এর আন্তর্জাতিক প্রকল্পবিষয়ক প্রধান ড্যানিয়েলা বার্টশ বলেন, প্রকল্পটি মাল্টি-সেক্টরাল পার্টনারশিপের মাধ্যমে পরিবেশ, শ্রমিকের স্বাস্থ্য ও কর্মপরিবেশের ওপর জোর দিয়ে কাজ করে। মাঠপর্যায়ের নির্ভরযোগ্য তথ্য ও মতামত সাপ্লাই চেইনে ডিউ ডিলিজেন্সের ভিত্তি তৈরি করে। এর তিন কৌশল হলো শ্রমিকভিত্তিক পরিবীক্ষণ, কমিউনিটিভিত্তিক পরিবীক্ষণ এবং সচেতনতা ও অ্যাডভোকেসি।

ডব্লিউবিএম উপস্থাপনায় উল্লেখ করা হয়, ডিসেন্ট ওয়ার্ক চেক টুল ব্যবহার করে শ্রমিকদের জরিপের মাধ্যমে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। জরিপে লিখিত নিয়োগপত্র পাওয়া- শ্রমিকের হার ৮২ থেকে ৯৫ শতাংশে, ন্যূনতম মজুরি পাওয়ার হার- ৭২ থেকে ৮৮ শতাংশে এবং মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার হার- ১৩ থেকে ৫৭ শতাংশে বেড়েছে। তবে সাপ্তাহিক ছুটির নিশ্চয়তা ৯৯ থেকে ৭৩ শতাংশে, নিয়মিত মজুরি পাওয়ার হার- ৯৯ থেকে ৮৮ শতাংশে এবং আঘাতজনিত সুবিধা পাওয়ার হার- ৮৩ থেকে ৬৬ শতাংশে কমেছে। ধর্মঘটের অধিকারের স্বীকৃতি রয়েছে মাত্র ২৪ শতাংশ ক্ষেত্রে।

আরও উল্লেখ করা হয়, কর্মশালার মাধ্যমে শ্রমিক ও ইউনিয়ন সদস্যদের সচেতনতা বেড়েছে। একই সঙ্গে ২০২৫–২৬ সালে এতে অংশগ্রহণকারীগণ- শ্রম আইন ও দর-কষাকষি বিষয়ে প্রশিক্ষণ পান। কর্মঘণ্টা সম্পর্কে স্পষ্ট ধারণা ৬৭ থেকে ৮২ শতাংশে, ছুটির অধিকার সম্পর্কে ৭৩ থেকে ৮৯ শতাংশে এবং পরিদর্শন অধিদপ্তরের হটলাইন সম্পর্কে ৪৬ থেকে ৮৮ শতাংশে উন্নীত হয়েছে। এর ফলে কয়েকটি কারখানায় গর্ভবতী নারীর কাজের চাপ কমানো, এক্সহস্ট ফ্যান মেরামত ও বকেয়া পরিশোধের মতো পরিবর্তন এসেছে। তবে কর্মশালায় নারীর অংশগ্রহণ কম ছিল।

সিবিএম উপস্থাপনায় জানানো হয়, কমিউনিটির স্বাস্থ্য পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চর্মরোগ পুরুষদের মধ্যে ১২ থেকে ৮ শতাংশে, নারীদের মধ্যে ১৫ থেকে ১২ শতাংশে এবং শিশুদের মধ্যে ২০ থেকে ১৫ শতাংশে নেমেছে। শিশুদের চোখের সমস্যা ৫ থেকে ৪ শতাংশে, নারীদের শ্বাসকষ্ট ১০ থেকে ৭ শতাংশে এবং বয়স্কদের হৃদ্রোগজনিত সমস্যা ১০ থেকে ৮ শতাংশে কমেছে। পুরুষদের পরিপাকতন্ত্রের সমস্যা ৯ থেকে ৪ শতাংশে নেমে এসেছে, যা সবচেয়ে বড় উন্নতি। এ ছাড়া ছয়টি পানি ফিল্টার স্থাপন করা হয়েছে। তবে পানি ও বায়ুদূষণে বড় কোনো উন্নতি হয়নি। মাটি ও পানির নমুনায় সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম এবং চুলের নমুনায় পারদের উপস্থিতি পাওয়া গেছে।

“টেকসই তৈরি পোশাক খাতের জন্য ডিউ ডিলিজেন্স জোরদারকরণ: শ্রমিকের অধিকার সুরক্ষা ও পরিবেশগত ন্যায্যতা প্রতিষ্ঠা” শীর্ষক প্যানেল আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার অ্যালেনা জে. ট্যানসি বলেন, কার্যকর সামাজিক সংলাপ, শ্রমিক ও কমিউনিটির সঙ্গে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা জরুরি। নীতি প্রণয়নে মানসম্পন্ন গবেষণা ও তথ্য বড় ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, তথ্য সংগ্রহের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এনায়েত হোসেন বলেন, প্রচুর শ্রমিক বায়ুদূষণের শিকার হচ্ছেন। শুধু কর্মক্ষেত্রেই নয়, তাঁদের বাসস্থানও ঝুঁকিপূর্ণ এলাকায়। এসব বিষয়ে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। তিনি বলেন, ক্ষতিকর রাসায়নিক উপাদান ধীরে ধীরে সরিয়ে ফেলতে হবে এবং এ ক্ষেত্রে ক্রেতাদের দায়বদ্ধতা আরও জোরদার করতে হবে। এ জন্য মাটি ও পানির নমুনা পরীক্ষার পাশাপাশি শ্রমিকদের রক্তের নমুনা সংগ্রহ করে নিয়মিত নজরদারি চালানোও গুরুত্বপূর্ণ।

বিলস-এর ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন বলেন, তথ্য সংগ্রহে ট্রেড ইউনিয়নের কয়েকজন প্রতিনিধি সহযোগিতা করেছেন। তিনি প্রকল্প বাস্তবায়নকারীদের প্রতি আহ্বান জানান, বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণে ট্রেড ইউনিয়নকে আরও বেশি যুক্ত করতে।

সুডউইন্ড ইনস্টিটিউটের গবেষণা সহযোগী ড. সাবিন ফেরেনশিল্ড বলেন, নিজেদের দায়বদ্ধতা অনুভব করলে সাপ্লাই চেইনে শ্রম অধিকার লঙ্ঘন ও পরিবেশগত ক্ষতি কমে আসবে। এর জন্য বাংলাদেশে সামাজিক সংলাপ এবং পরিবর্তন আনার মতো কার্যকর টুল ও ব্যবস্থা থাকা জরুরি। তিনি আরও বলেন, তথ্য পরিবীক্ষণ ও নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন, যাতে সেই তথ্য সংলাপ ও দর-কষাকষির সূচনা করে।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের শ্রম ও কর্মক্ষেত্র বিষয়ক উপদেষ্টা মো. মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, এখনো অনেক কারখানা এবং এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও উপেক্ষিত। এগুলো মোকাবিলায় সাপ্লাই চেইনের সকল পক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। তিনি শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মান অনুসরণ করে বাংলাদেশ শ্রম আইন সংশোধন করা হয়েছে এবং এতে ত্রিপক্ষীয় সংলাপকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আইনি কাঠামোর উন্নয়ন ধারাবাহিকভাবে চলবে। ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ করা এবং ডিআইএফই-এর সক্ষমতা, আধুনিকায়ন ও জবাবদিহিতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, মালিক ও মালিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা, ট্রেড ইউনিয়ন, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিসহ শতাধিক অংশগ্রহণকারী যোগ দেন।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বিলস, ইএসডিও ও বিএলএফ আশুলিয়া শিল্পাঞ্চলে “বাংলাদেশের টেক্সটাইল খাতে ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন জোরদারকরণ” প্রকল্প বাস্তবায়ন করছে। জার্মানির ফেমনেট, সুডউইন্ড ইনস্টিটিউট, ইনকোটা-নেট ওয়ার্ক ও এইচইজেসাপোর্ট এবং নেদারল্যান্ডসের ওয়েজইন্ডিকেটর ও মন্ডিয়াল এফএনভি-ও ম্যাপ কনসোর্টিয়ামের অংশ।

প্রকল্পের চলতি পর্যায় ২০২৭ সালের এপ্রিলে শেষ হবে। পরবর্তী পর্যায় ২০২৭ সালের মে মাসে শুরু হওয়ার কথা রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: