বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম
দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা

মোংলায় ফাদার রিগন স্মরণানুষ্ঠানে বক্তারা সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ ফাদার রিগনের কাছে ঋণী

মোংলা থেকে মো. নূর আলম :

সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ ফাদার মারিনো রিগনের কাছে ঋণী। ফাদার রিগনকে বাদ দিয়ে মোংলাকে ভাবা যায় না। পঞ্চাশের দশকে ফাদার রিগন গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে স্কুলে আসার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। ফাদার রিগন না আসলে অনেককেই অন্ধকারে থাকতে হতো। ০৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ফাদার মারিনো রিগনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধি চত্বরে স্মরণানুষ্ঠানে বক্তারা একথা বলেন। সেন্ট পলস ক্যাথলিক চার্চ, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, মোংলা সরকারি কলেজ, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, মোংলা নাগরিক সমাজ, হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সেবা সংস্থা এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ফাদার রিগন স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ফিলিপ মণ্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. অসিত কুমার বসু, বিএনপি নেতা নাসির তালুকদার, গোলাম নূর জনি, উন্নয়নকর্মী ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান হিরো, সহকারী পালক পুরোহিত রিপন সরদার, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিশিকান্ত বিশ্বাস, নারীনেত্রী শামীমা লাইজু, সেবা সংস্থার মিনা হালদার, ক্রীড়া সংগঠক পলাশ হালদার, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, সার্ভিস বাংলাদেশ-এর মোস্তাফিজুর রহমান মিলন, ইয়ুথ লিডার ও পরিবেশকর্মী মেহেদী হাসান, পরিবেশকর্মী কমলা সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ফাদার মারিনো রিগন এই সুন্দরবন উপকূলে মানব ও প্রকৃতির মুক্তি এবং উন্নয়নের অনন্য নজির স্থাপন করেছেন। কেবল মানবসেবাই করেননি; তিনি গভীরভাবে এ দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও প্রকৃতির প্রেমে পড়ে যান।

মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ বলেন, ফাদার মারিনো রিগনের মস্তকে রবীন্দ্রনাথ এবং অন্তরে ছিল লালন। তিনি ইতালিতে বাংলাদেশের অঘোষিত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। ফাদার রিগন রবীন্দ্রনাথের ৪৮টি বই এবং লালন সাঁইয়ের সাড়ে তিনশ গান ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন। তিনি লালন সংগীতের মাঝে ঐশ্বরিক অনুভূতি খুঁজে পেয়েছিলেন।

সভাপতির বক্তব্যে ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, মোংলা অঞ্চলে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান, সেন্ট পলস স্কুল, হাসপাতাল ও সেলাই শিক্ষা কেন্দ্র স্থাপন করে ফাদার রিগন শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। ফাদার মারিনো রিগন আমাদের মুক্তিযুদ্ধে অকৃত্রিম অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধসহ বাংলাদেশে ফাদার মারিনো রিগনের নানা বিষয়ে অনন্য অবদান রাখায় তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়।

স্মরণানুষ্ঠানে ফাদার রিগনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এছাড়াও ফাদার রিগনের সমাধিতে নানা শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: