বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) কার্গো ভেহিকেল মাঠ থেকে ১ হাজার ৬০০ পিস ভারতীয় ট্যাপেনটাডোল ব্যথানাশক ও চেতনানাশক ট্যাবলেটসহ আনার গাজী (৩৯) নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করা হয়েছে। রোববার দুপুরে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে আসা ভারতীয় ট্রাক (ডব্লিউবি-১১-ডি-০৩৯৭) তল্লাশি করে নেশাজাতীয় ওই ট্যাবলেটের চালানটি উদ্ধার করা হয়।
আটক আনার গাজী ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার সুখপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিন আমদানি পণ্যের সঙ্গে দুই দেশের চোরাকারবারিরা মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে থাকে। তবে যারা আমদানি-রপ্তানি পণ্য দেখভালের দায়িত্বে নিয়োজিত, তারা এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে অভিযোগ রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপির কার্গো ভেহিকেল মাঠে আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।