শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম

একটু বৃষ্টিতেই যশোরের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে আগুন

বৃষ্টির অজুহাতে যশোরের বাজারে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচসহ সব ধরনের সবজি। এতে ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শহরের বড় বাজারসহ বিভিন্ন বাজারে চড়ামূল্যে বিক্রি হচ্ছে বেগুন। ১৩০ টাকা থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচও। বৃষ্টির কারণ দেখিয়ে সবজি ও কাঁচামরিচের বাড়তি দাম অব্যাহত রয়েছে। স্বস্তি নেই অন্যান্য নিত্যপণ্যতেও।

প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজিতে। অন্যান্য সবজিও বিক্রি হচ্ছে বাড়তি দামে। গাজর ১৮০ টাকা কেজি। করলা, বরবটি ১৩০ টাকা, কাকরোল ১২০ টাকা, ওল ৭০টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকা, ঢেড়স ৮০ টাকা , কচুর মুখি ১০০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা (মধুকুশি বা কুশি) ও শসা ৮০ টাকা , ঝিঙ্গে ৭০, পটল, মিষ্টি কুমড়া, কলা, ধুন্দল ৬০ টাকা ও পেঁপে ৪০ টাকা কেজি।

এছাড়াও চড়া দামে বিক্রি হচ্ছে আগাম আসা শীতকালীন সবজি। শিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি। ফুলকপি ১৫০ টাকা, টমেটো মান ভেদে প্রতিকেজি ১২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। বাঁধাকপি এবং মুলা ৮০ টাকা কেজি। এছাড়া বড় বাজারে আলু ৫৫ টাকা এবং খুচরা বাজারে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

যশোরের রেলগেট বাজারের সবজি বিক্রেতা আব্দুস সালাম দেশ টিভিকে বলেন, টানা বৃষ্টিতে বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম কমছে না। খয়েরতলা বাজারের আরেক বিক্রেতা সোবহান বলেন, মৌসুমের বৃষ্টি শেষের দিকে, সামনে সপ্তাহ থেকে সবজির দাম কমতে পারে। বড় বাজারের সবজি বিক্রেতা গোলাম রসুল বলেন যশোরের সাত মাইল হাট থেকে বড় বাজারের দূরত্ব ১৫ কিলোমিটার । এই ১৫ কিলোমিটার পথ পেরিয়ে বড় বাজারে সবজি পৌঁছলে কেজি প্রতি দাম বেড়ে যায় ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। সরবরাহ কম বলে মনে করেছেন না রসুল। দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ি করছেন তিনি। নিয়মিত বাজার তদারকি না থাকায় ইচ্ছামত দাম হাকাচ্ছেন আড়তদারার এমন দাবি তার।

মাংসের বাজারে বেড়েছে মুরগির দাম। কেজিতে দশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা। সোনালী মুরগিতে কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৯০ টাকা। লেয়ার মুরগি কেজিপ্রতি ৩৪০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০০ টাকা। গরুর মাংস কেজিপ্রতি ৭০০ টাকা। খাসির মাংস কেজিপ্রতি ১ হাজার টাকা।

আমদানির পরেও ডিমের বাজারের অস্থিরতা কাটেনি। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা। সোনালী মুরগির ডিম ৫৬ টাকা হালি, দেশি মুরগির ডিম ৬৪ টাকা হালি, হাঁসের ডিম ৭২ টাকা এবং কোয়েল পাখির ডিম ১৪ টাকা হালি।

চালের বাজারে মোটা ও চিকন সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। স্বর্না চাল ৫২ থেকে ৫৪ টাকা কেজি। আটাশ ৬০ থেকে ৬২ টাকা কেজি। কাজললতা ৬০ থেকে ৬৫ টাকা কেজি। বাসমতি ৮৫ থেকে ৯০ টাকা কেজি। নাজিরশাইল ৭৫ থেকে ৮৫ টাকা কেজি।

খোলা সয়াবিন তেল ১৬৫ টাকা লিটার। বোতলজাত সয়াবিন তেল ১৭০ টাকা লিটার। মুগ ডাল ১৬০ থেকে ১৭০ টাকা। মসুরের ডাল ১১০ থেকে ১৩০ টাকা কেজি। ছোলার ডাল ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি। বুটের ডাল ৭৫ টাকা কেজি। খোলা আটা ৪০ থেকে ৪৫ টাকা কেজি। প্যাকেট আটা ৫০ টাকা কেজি। চিনি ১৩০ টাকা কেজি। লবন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সামান্য দাম কমেছে পেঁয়াজের। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। যা গত সপ্তাহে বিক্রি হয় ১১০ থেকে ১২০ টাকা কেজি। রসুন ২২০ থেকে ২৪০ টাকা কেজি। আদা ২৮০ থেকে ৩২০ টাকা কেজি। অন্যান্য মশলাতে বাড়তি দাম অব্যাহত রয়েছে। জিরা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা। এলাচ কেজিপ্রতি ৩ হাজার ৫০০ টাকা। লবঙ্গ কেজিপ্রতি ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। গোলমরিচ ১ হাজার টাকা কেজি। দারুচিনি ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শনিবার (৫ অক্টোবর) যশোর শহরের বড়বাজার,খয়েরতলা বাজার, বেজপাড়া বাজার, রেলগেট (স্টেশন বাজার) , বারান্দিপাড়া ,ধানপট্টি ও সিটি কলেজ পাড়া বৌবাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে । ভোক্তাদের অভিযোগ নতুন সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর যে আশ্বাস প্রদান করেছিলেন তা বাস্তবায়ন তো হয়নি বরং প্রতিদিনই দাম বাড়ছে। বাজারের বর্তমান অবস্থায় এখনই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস অবস্থা। এভাবে চলতে থাকলে নিম্ন আয়ের মানুষের জন্য জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাবে ।

স্টেশন বাজারে বাজার করতে এসে (নাম প্রকাশে অনিচ্ছুক) বিজিব’র সাবেক এক কর্মকর্তা (এডি) , দেশ টিভিকে বলেন, প্রায় দুর্ভিক্ষের কাছাকাছি সময় পার করছে দেশের মানুষ । অন্তবর্তীকালীন সরকারের উচিত প্রথমে মানুষের খাদ্য,বস্ত্র,শিক্ষা ,চিকিৎসা ব্যবস্থা নিরাপদ এবং সহজ করে দেয়া ।তারপর রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা।যাদের জন্য বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে তাদের স্বাভাবিক জীবন যাপন নিশ্চত করা না গেলে এই সংস্কার প্রশ্নবিদ্ধ হবে।‘রাষ্ট্র মানুষ সৃষ্টি করে- রাষ্ট্র মানুষকে সৃষ্টি করেনা’ উল্লেখ করে বর্তমান সরকারের প্রতি আগে মানুষ বাঁচানোর আহ্বান জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: