শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮৩ পেয়ে উর্ত্তীণ হয়েছে। ফলাফলের খবরে বিষাদের সৃষ্টি হয়েছে শাহরিয়ারের পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় শাহরিয়ারের চাচা আব্দুল মোতালেব ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহরিয়ার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। পরিবারের দুই সন্তানের মধ্যে শাহরিয়ার ছিল বড় সন্তান। সে এবার ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
শাহরিয়ারের চাচা আব্দুল মোতালেব বলেন, পরীক্ষায় পাশের খবরে কলিজা ফেটে যাচ্ছে। আমার ভাতিজা আন্দোলনে শহীদ হয়েছে প্রায় তিন মাস আগে। এখন তার পরীক্ষার ফলাফল হয়েছে, সে পাশ করেছে। তিনি আরও বলেন, আমরা দুই ভাইয়ের মধ্যে একটি মাত্র ছেলে সন্তান ছিল শাহরিয়ার। এখন আমাদের দুই ভাইয়ের বংশে আর কোনো প্রদীপ নেই।
শাহরিয়ারের বাবা আব্দুল মতিন স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে বতর্মানে ওমরা হজ্ব করতে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি ছেলের ফলাফলের খবর পেয়েছেন।
এর আগে গত ১৮ জুলাই ঢাকার মিরপুরে ১০ নম্বরের গোল চত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। তার ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে যায়।
শাহরিয়ারের পরিবার সূত্র জানা যায়, পরীক্ষার মধ্যে বন্ধ পেয়ে ঢাকায় মায়ের কাছে যায় শাহরিয়ার। পরে মিরপুর-২ নম্বরে খালার বাসায় বেড়াতে যায়। সেখানে খালাতো ভাইয়ের সঙ্গে আন্দোলনে অংশ নেয়। পরে মিরপুর-১০ নম্বরের গোল চত্বরের কাছে গুলিবিদ্ধ হয় শাহরিয়ার। সেখানে তার খালাতো ভাইও গুলিবিদ্ধ হয়েছিল।