মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নেত্রকোনায় পৃথক অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৯৯ বস্তা চিনি ও একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী।
নেত্রকোনায় অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার শনিবার (১৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- কলমাকান্দা উপজেলার রাখা জোড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. ইমরান ও লেঙ্গুরা বাজারের জহলাল হাজং ছেলে বিমল হাজং।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম শুক্রবার মধ্যরাতে জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ইয়ামাহা R 15 মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করে।
অন্যদিকে, একই সময়ে যৌথবাহিনীর আরেকটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার দূর্গাপুর উপজেলাধীন কৃষ্ণেরচর ও পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৯৯ বস্তা চিনি জব্দ করে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মেজর জিসানুল হায়দার জানান, মোটরসাইকেলসহ আটকদের কলমাকান্দা থানায় ও জব্দ করা চিনি দুর্গাপুর ও পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে।