শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
যোগ্যতার মানদণ্ড বিচারে কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে থাকে সরকার। রাষ্ট্রীয় এই সম্মাননা চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে পরম আরাধ্য একটি অর্জন। চলতি বছরেও যোগ্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হবে মে মাসের প্রথম সপ্তাহে। এর আগে আগামী সপ্তাহে বিজয়ীদের নাম ঘোষণা হবে। ইতোমধ্যে জুরি বোর্ড তাদের নম্বর ও সুপারিশ জমা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে।
জানা গেছে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ ক্যাটাগরিতে পুরস্কারের তালিকায় নাম রয়েছে ‘সাঁতাও’ ও ‘আদিম’ ছবি দুটি। ‘সাঁতাও’ ছবিটি পরিচালনা করেছেন খন্দকার সুমন। ‘আদিম’ ছবির পরিচালক যুবরাজ শামীম।
‘আদিম’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যুবরাজ শামীম। ছবির গল্প এগিয়েছে একজন ল্যাংড়ার (পঙ্গু) ভাসমান জীবন নিয়ে। একটি অপরাধের দায় এড়াতে সে এক রেলওয়ে স্টেশন থেকে অন্য রেলওয়ে স্টেশনে ঘুরে বেড়ায়। যেখানেই যায় সেখানেই কারো না কারো সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।
গল্পের এক পর্যায় দেখা যায় তার সাথে সম্পর্ক গড়ে ওঠে কালা নামের এক মাদক ব্যবসায়ীর। কালার বউ সোহাগীকে ল্যাংড়ার মনে ধরে। ল্যাংড়া সোহাগীর প্রণয় জমে ওঠে। এরপর ঘটতে থাকে নতুন ঘটনা। গল্প ভাজে ভাজে লোমহর্ষক ঘটনা মন জয় করেছে জুরি বোর্ডের।
এ সিনেমায় অভিনয় শিল্পীদের সকলেই প্রায় বস্তির বাসিন্দা। সিনেমার প্রধান চরিত্র ল্যাংড়ার ভূমিকায় অভিনয় করেছেন বাদশা। ৩৫ জনের মধ্য থেকে তাকে বাছাই করা হয়। সিনেমার বাকি চরিত্রের মধ্যে সোহাগী খাতুন, দুলাল মিয়া, সাদেককেও বস্তিতেই খুঁজে পেয়েছেন নির্মাতা।
এদিকে ২০২২ সালে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পায় ‘আদিম’।
অন্যদিকে গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক। খন্দকার সুমন পরিচালিত ছবিটি জলবায়ু, পরিবেশ, সর্বোপরি মাতৃত্বের গল্প বলে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র “সাঁতাও’’। এ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘সাঁতাও’ এককভাবে সেরা ছবির পুরস্কার পেতে পারে। তবে, ‘আদিম’-কেও যৌথভাবে পুরস্কার দেওয়া হতে পারে─এমন চিন্তাও করা হচ্ছে।