শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে অর্ধ শতাব্দির বেশীয় সময়ের মাছের ঘর জবরদখল ও লুটপাটের অভিযোগ উঠেছে গণিয়ার রহমান গণি (৫৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মাছের ঘর ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কাঁকশিয়ালী গ্রামের মাস্টার আব্দুল ওহাবের ছেলে নাহিন আহম্মেদ।
বুধবার (২৩ জুলাই) বিকেল ৪ টায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোঃ নাহিন আহম্মেদ (৩৮) লিখিত বক্তব্যে জানান, আমার ভাই ফিরোজ কবির (৪৭) প্রায় তিনবছর পূর্বে কাঁকশিয়ালি গ্রামের মরহুম এন্তাজ আলী গাজীর ছেলে মোঃ আব্দুল খালেক গাজীর নিকট থেকে তার ৫০ বছরের অধিক সময় ভোগদখলকৃত উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা মৌজায় (জেএল-৪৬), এলএ কেস নং ১৮৯/৬৩-৬৪ ও ৮৯/৬৪-৬৫, এসএ ১৭৩৩ ও ১৭৩৪ দাগে ৪০ শতক জমিতে অবস্থিত মাছের ঘর ক্রয় করেন। উক্ত মাছের ঘরসহ জমি ক্রয়ের পর থেকে আমার সহোদর ভাই ফিরোজ কবির শান্তিপূর্ণভাবে মাছ চাষ করে আসছিলেন।
তিনি আরও বলেন, আমার ভাই চাকুরি সংক্রান্ত প্রয়োজনে খুলনায় অবস্থান করার কারণে আমি ভাইয়ের মাছের ঘরটি দেখাশুনা করি। উক্ত ঘরের পশ্চিম পাশে আমার প্রতিবেশী কাঁকশিয়ালি গ্রামের মরহুম বিলায়েত বিশ^াসের ছেলে গণিয়ার রহমান ওরফে গণির (৫৬) মাছের ঘর রয়েছে। গণিয়ার রহমান গণি দীর্ঘদিন যাবত আমার ভাইয়ের মাছের ঘরটি জবরদখলের চক্রান্ত চালাতে থাকে। এক পর্যায়ে গত ২৬/০৬/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০ টার দিকে অতর্কিতভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ভাইয়ের মালিকানাধীন মাছের ঘরটি জবরদখল করে নেয়। ওই বাহিনী আমার ভাইয়ের মাছের ঘর থেকে তাৎক্ষণিকভাবে লক্ষাধিক টাকার বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নেয়। ঘর দখলের বিষয়টি লোক মারফত জানতে পেরে ঘটনাস্থলে যেয়ে এর কারণ জানতে চাইল গণিয়ার রহমান গণি ও তার ভাড়াটিয়া বাহিনী বলেন, সরকারি খাস জায়গা তাই আমরা এখন থেকে দখল করে খাবো। অন্যের ৫০ বছরের দখলকৃত জায়গা জবরদখলের বিষয়টি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণের পাশাপাশি খুন জখম করার হুমকি ধামকি দিতে থাকে। পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও জবরদখলকারি গণিয়ার রহমান গণি প্রভাবশালী হওয়ায় কোন কার্যকর সমাধান করতে তারা ব্যর্থ হয়েছেন। এমতাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহায়তায় পূর্বমালিকানার ৫০ বছরের অধিককাল যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখলকৃত মাছের ঘরটি ফিরে পেতে চান তিনি।