বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ থেকে: গোপালগঞ্জে উৎসবের আমেজে অনুষ্ঠিত হলো ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫। আজ ২৬ অক্টোবর রোজ রবিবার,তরুণদের মেধা, যুক্তি ও চিন্তার জোয়ারে মুখরিত ছিল জেলা শহর গোপালগঞ্জের— স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় ও এস. এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ।

বিতর্ক প্রতিযোগিতা
উৎসব উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২টি গ্রুপের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই গ্রুপে— ক ও খ গ্রুপে।
ক-গ্রুপের বিষয়: “দূর্নীতি টেকসই উন্নয়নের একমাত্র অন্তরায়।”
খ-গ্রুপের বিষয়: “পাঠাভ্যাসের অভাবই শিক্ষার্থীদের সৃজনশীলতা হ্রাসের মূল কারণ।”
দিনভর যুক্তি-তর্ক, প্রশ্ন-প্রত্যুত্তরের রোমাঞ্চে প্রাঙ্গণ পরিণত হয় এক বিশাল বুদ্ধিবৃত্তিক মিলনমেলায়। দর্শক-শ্রোতা, শিক্ষক-অভিভাবক ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস।
অভিজ্ঞ বিচারকমণ্ডলী যুক্তির গভীর বিশ্লেষণের মধ্য দিয়ে বিজয়ীদের নির্বাচন করেন। বিতার্কিকদের তাৎক্ষণিক যুক্তি, আত্মবিশ্বাস ও সাবলীল উপস্থাপনা সবাইকে মুগ্ধ করে। অতিথিরা তারুণ্যের যুক্তিবোধ ও ইতিবাচক চিন্তাশক্তির প্রশংসা করেন।
উৎসবের আলোয় ঝলমল গোপালগঞ্জে সেই দিনটি হয়ে উঠেছিল— তরুণদের মেধা, মনন ও স্বপ্নের রঙে রাঙানো এক অনন্য দিন।
প্রতিযোগী, ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, দর্শক শ্রোতা ও বিভিন্ন মিডিয়া কর্মিদের উপস্থিতিতে ছিল প্রাণবন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠান।