শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় রিক্তা নামে এক নারী মাদক কারবারিকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে উপজেলার জামরিলডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ওই নারীর স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যান। আটক রিক্তা ওই গ্রামের বিল্লাল শেখের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান।
জানা গেছে, রিক্সা ও তার স্বামী বিল্লাল শেখের বিরুদ্ধে মাদক কারবারি পরিচালনার ব্যাপারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের ধরার জন্য কয়েক দিন যাবৎ চেষ্টা চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বিকেলে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে রিক্তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। অভিযানে রিক্তার বসতঘর থেকে তাকে আটক করা গেলেও অভিযানের খবর পেয়ে তার স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যায়। এসময় রিক্তার ঘরে তল্লাশি চালিয়ে ১৯ পুরিয়া হেরোইন, ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, আসামিকে কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।