বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে ‘জাসাস’ নেতাকে গভীর রাতে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামের শীতলক্ষ্যার তীরের কেবিএম ব্রিকস নামক ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় কয়েকজন মোবাইল ফোনে ডেকে নিয়ে সুপরিকল্পিতভাবে তাঁকে খুন করেছে।নিহত মো. ফরিদ সরকার (৩৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো. জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বাবা বলেন আমার ছেলেকে কয়েকজন মিলে এলোপাতাড়ি কুপিয়ে মেরে ফেলে গেছে। আমার ছেলে ইটভাটায় মাটি সরবরাহ করত। এ নিয়ে কয়েক দিন ধরে সমস্যা চলছে। কয়েকজন মাটি সরবরাহ করতে বাধা দিচ্ছিল।’কেবিএম ইটভাটার কর্মচারী জানায়, ‘রাত সাড়ে ১০টার দিকে ইটভাটায় এসে আগুন পোহাতে থাকে ফরিদ ভাই। এরপর রাত ৩টার দিকে কয়েকজন অচেনা ব্যক্তি রামদা হাতে এসে ফরিদ ভাইকে ধাওয়া করে। আমরা ভয়ে দৌড়ে পাশের ঘরে গিয়ে আশ্রয় নিই। এরপর কুপিয়ে মেরে ফেলে যায়।’গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর (সার্কেল) মিরাজুল ইসলাম বলেন, ‘আপাতত হত্যাকাণ্ডের বিষয়টি দুর্বৃত্তের হাতে খুন বলতে হবে। পুলিশের কাছে নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তদন্তের জন্য বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।