বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, নড়াইল :
নড়াইল-২ আসনে সদর উপজেলার গাবতলা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাবতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকেরা জানান, শুক্রবার বিকেলে তারা চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় অতর্কিতভাবে ধানের শীষের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দুই নারীসহ নয়জন আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকেরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকেরা তাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসে। তারা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের পাঁচজন আহত হন।
নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, কলস ও ধানের শীষের সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।