শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদারের প্রতিনিধি মুন্সীগঞ্জের লৌহজং থানা এলাকার কাজিরপাগলা গ্রামের আজিজুল হক নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বড়কালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, সংশ্লিষ্ট ইজারাদার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃ-হাচলা মৌজায় ইজারা নিয়ে অবৈধভাবে বড়কালিয়া এলাকায় বালু কেটে পরিবহনের চেষ্টা করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বালুকাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে সংশ্লিষ্ট ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানাসহ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।