মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

ফুলবাড়ীতে এক কেজি আলুর দামে মেলে না এক কাপ চা, লোকসানে আলুচাষিরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
এক কাপ চায়ের দাম দশ টাকা। অথচ এক কেজি আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা কেজি দরে। একজন পুরুষ কৃষিশ্রমিকের মজুরি দিতে হয় ৫৫০ টাকা। এক মণ আলু বিক্রি করেও শ্রমিকের মজুরির টাকা উঠছে না। কৃষকদের প্রায় সব ধরনের ফসল আবাদে লোকসান গুনতে হচ্ছে। অনেক কৃষক সরকারি প্রণোদনাও পান না।

চলতি মৌসুমে আবারও লোকসানের মুখে পড়েছেন আলুচাষিরা। নতুন আলু পাইকারিতে বিক্রি হচ্ছে প্রকার ভেদে প্রতি কেজি ছয় থেকে সাত টাকায়। আর খুচরাতে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৮ থেকে ৯টাকা। এর সঙ্গে প্রতি বস্তায় অতিরিক্ত পাঁচ কেজি করে ‘ঢলন’ দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ফলে ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে চরম লোকসান গুনছেন চাষিরা।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের আলুচাষি প্রদীপ রায় বলেন, দুই বিঘা জমিতে আলু চাষ করে তুলনামূলক ভালো ফলন পেয়েছেন। দুই বিঘায় ৮০ থেকে ৮৫ বস্তা (প্রতি বস্তা ৬০ কেজি) আলু উৎপাদন হয়েছে। আলুর ধরন অনুযায়ী প্রতি বস্তা ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি বিঘায় ১৮ হাজার থেকে ২২ হাজার টাকা পাওয়া গেলেও উৎপাদন খরচ হয়েছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। ফলে বিঘাপ্রতি লাকসান হচ্ছে ২৭ থেকে ২৮ হাজার টাকা।

সমশেরনগর এলাকার আলু চাষি সাইদুর রহমান বলেন, তিনি আড়াই বিঘা জমিতে আলু রোপণ করেছেন। জমি থেকে আলু উত্তোলন করতে অনেক খরচ হচ্ছে। সাত টাকা কেজি দরে আলু বিক্রি করেছেন। এতে তার উৎপাদন খরচও উঠছে না।

বুজরুক সমশেরনগর এলাকার আলু চাষি জয়নাল আবেদীন বলেন, আড়াই বিঘা জমিতে আলু চাষ করে বিঘাপ্রতি প্রায় ৪৩ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু উৎপাদিত আলু বিক্রি করে পাওয়া গেছে মাত্র ২৪ হাজার টাকা। এতে ২৭ হাজার টাকা লোকসান হয়েছে। আবাদ করতে গিয়ে এভাবে লোকসানে পড়লে কৃষকদের পথে বসা ছাড়া উপায় নেই।

আলু ব্যবসায়ী জয়ন্ত সাহা বলেন, গত বছরের মতো এবারও আলু চাষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অনেকেই ধারদেনা ঋণ করে জমির পরিমাণ কমিয়ে আবার আলু চাষ করেছেন। কিন্তু এবারও লোকসান গুনতে হচ্ছে। অনেক ব্যবসায়ীও আলু আবাদে অর্থ জোগান দিয়ে লোকসানে পড়েছেন।

কৃষকরা বলছেন, এখন আলু তোলা শেষ পর্যায়ে। ৮-১০ দিন আগে ফুলবাড়ীতে জমির আলু উঠতে শুরু করে, তখনও বাজার দর ছিল ১২ থেকে ১৫ টাকা কেজি, যা এখন অর্ধেকে নেমে এসেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, এ বছর উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৮০ হেক্টর জমি এবং আবাদও হয়েছে সমপরিমাণ জমিতে। যার উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার৫২০ মেট্রিক টন। তবে কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের চাষাবাদ ও রোগবালাই নিয়ন্ত্রণে কাজ করে থাকে। বাজারদর নির্ধারণের বিষয়টি কৃষি বিপণন বিভাগ দেখভাল করে থাকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: