সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
আজ ৮ মার্চ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, উপপরিচালক,স্থানীয় সরকার,জনাব মৌসুমী মাহবুব,সিভিল সার্জন জনাব ডাঃ কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, মুন্সীগঞ্জ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক পাচার, বিক্রয় ও সেবন প্রতিরোধে পরিচালিত অভিযানসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাবলি পর্যালোচনা করা হয় এবং এসব অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে চলমান কার্যক্রম এবং এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা জোরদারের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা হ্রাস, যানজট নিরসন এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভূমি দখল, অবৈধ স্থাপনা এবং জমি সংক্রান্ত বিরোধজনিত সমস্যা নিয়েও সভায় আলোচনা করা হয় এবং এ ধরনের বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত প্রদান করা হয়। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি, বাজার তদারকি কার্যক্রম এবং ভেজালবিরোধী অভিযান জোরদারের বিষয়েও আলোচনা হয়।
সভায় আসন্ন ঈদুল ফিতর, শেখরনগর কালী পূজা, গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অতঃপর সভাপতির অনুমতিক্রমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।