শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
শিবালয় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সদস্য হলেন ডা. তাহের সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র নড়াইলে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কোটালীপাড়ায় সাংবাদিককে পিটিয়ে জখম করল ছাত্রদল নেতাকর্মীরা ঈদের আগে সকল শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দাও —বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

কোটালীপাড়ায় সাংবাদিককে পিটিয়ে জখম করল ছাত্রদল নেতাকর্মীরা

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক কালাম তালুকদারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত কালাম তালুকদার দৈনিক ভোরের আলো পত্রিকার জেলা প্রতিনিধি এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক। তাকে মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক জানান, উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে তিনি দুপুরে ইউএনও কার্যালয়ের হলরুমে যান। সভা শেষে কক্ষ থেকে বের হওয়ার সময় কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা এবং ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি হামিম বিশ্বাসসহ ১০–১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং টেনে-হিঁচড়ে নিচতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা তাকে আর সাংবাদিকতা না করার হুমকি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেয়।

এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলার বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এদিকে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের প্রাণকেন্দ্রে একজন সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলায় জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: