রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : পবিত্র ঈদুল ফিতরের আনন্দমুখর সকালে পরিবারের সঙ্গে নামাজ আদায়ের আকাঙ্ক্ষা নিয়েই বাড়ির পথে রওনা হয়েছিলেন প্রকৌশলী শরিফুল ইসলাম (৩০)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই যাত্রাই হয়ে উঠলো তার জীবনের শেষ পথচলা। বাড়িতে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি, আর মুহূর্তেই আনন্দের পরিবেশ পরিণত হয় গভীর শোকে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজৈর-কোটালীপাড়া সড়কের বৈকণ্ঠপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের ইউপি সদস্য মোকসেদ আলী শেখের ছেলে। তিনি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুর জেলার সদরপুর অফিসে সুইচ বোর্ড অ্যাটেনডেন্স হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডিউটি শেষে ভোরে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শরিফুল। পরিবারের সদস্যরা অধীর আগ্রহে তার অপেক্ষায় ছিলেন, একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে। কিন্তু বৈকণ্ঠপুর এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মেহেদী হাসান মারুফ জানান, হালকা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই তিনি নিয়ন্ত্রণ হারান। শরিফুলের আকস্মিক মৃত্যুতে টুপুরিয়া গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই শোকের কারণে ঈদের নামাজ আদায় করতে পারেননি।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ড জানান, তারা দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।
ঈদের সকালে এমন বেদনাদায়ক ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আনন্দের দিনে এক তরতাজা প্রাণের এমন করুণ বিদায় যেন সবাইকে স্তব্ধ করে দিয়েছে।