শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বসে বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকার করার ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার মাথাভাঙ্গা এলাকায় স্থানীয় জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধ স্বীকার করায় এবং বয়স বিবেচনায় একজনকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা এবং অপর পাঁচজনকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ. স. ম. হাদিউল ইসলাম ভূঁইয়া (৮১), আবরার উদ্দিন আহমেদ (৭০), হাজী ওসমান আলী (৭৭), মাজহারুল হক কোরেশী (৭০), আব্দুল্লাহ নূর (৭২) এবং আরিক আহমেদ (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে প্রাইভেটকারযোগে এসে ট্রলারে করে গজারিয়ার বিভিন্ন চরাঞ্চল ও মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পাখি শিকার করে। অভিযান শেষে ফেরার সময় তাদের কাছ থেকে প্রায় ৪ মণ পরিমাণ পরিযায়ী পাখি উদ্ধার করা হয়, যা ৭টি বস্তায় সংরক্ষিত ছিল।
এ সময় ঘটনাস্থল থেকে পাখি শিকারে ব্যবহৃত ৩টি শটগান, ১টি এয়ারগান এবং ৬৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, একদিনেই তারা কয়েক হাজার পরিযায়ী পাখি শিকার করেছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।