সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী সদর দপ্তরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা সরকার কি দেশকে আবারও গুমের স্বর্গরাজ্যে পরিণত করতে চায়: আসিফ মাহমুদ ১২৯ ক্রীড়াবিদ মাসে ১ লাখ টাকা করে পাবেন, ভাতা কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর হঠাৎ পানিতে তলিয়ে গেলেন রাহুল! কী ঘটেছিল গতকাল মানিকগঞ্জে দিঘুলিয়া চকে ৫ দিন পর মিলল বিচ্ছিন্ন মস্তক এক চার্জে ৫০ বছর চলা পারমাণবিক ব্যাটারি পাল্টে দেবে ভবিষ্যৎ? ‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত‚ত কৃষকের ঘর ও গরু, ক্ষতি ৬ লক্ষাধিক টাকা

হঠাৎ পানিতে তলিয়ে গেলেন রাহুল! কী ঘটেছিল গতকাল

তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিকভাবে মারা গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গতকাল রোববার পশ্চিমবঙ্গের দিঘাসংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে ওই দিন ইউনিটসহ তালসারিতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের একপর্যায়ে তিনি সমুদ্রে নামেন। এরপরই হঠাৎ পানিতে তলিয়ে যান। ঘটনাটি টের পেয়ে টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করেন।

ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, কিছু সময় পানির নিচে থাকার পর তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চিকিৎসকেরা পরে তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ দিঘা হাসপাতালেই রাখা হয়েছে।

ধারাবাহিকটিতে রাহুলের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষ হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমরা শুটিং শেষ করে মধ্যাহ্নভোজে গিয়েছিলাম। রাহুল বলেছিল, সে আরও কয়েকটি শট দিয়ে আসবে। কিন্তু এমন ঘটনা ঘটবে, ভাবতেই পারিনি। সুস্থ, প্রাণবন্ত একজন মানুষ এভাবে চলে যাবে, এটা মানা খুব কঠিন।’

শিল্পী ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানান, শুটিং শেষ হওয়ার পরই রাহুল পানিতে নামেন। তাঁর কথায়, ‘সম্ভবত রাহুল সাঁতার জানতেন না, অথবা রাহুলের পা আটকে যায় বালুতে। হঠাৎই টেকনিশিয়ানরা চিৎকার করে জানান, রাহুলদা ডুবে যাচ্ছেন। যখন তাঁকে উদ্ধার করা হয়, তখনো তিনি জীবিত ছিলেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।’ রাহুলের গাড়িরচালক বলেন, ‘রাহুলদা পানির দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি বারবার বারণ করছিলাম। শোনেননি আমার কথা।’

ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাই সামনে আসছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ। ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এ ছাড়া ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’সহ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৭ সাল থেকে আলাদা থাকা শুরু করেন তাঁরা, পরে বিচ্ছেদ হয়। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন তিনি, যা দর্শকমহলে সাড়া ফেলেছিল। তালসারি সৈকতের শুটিং স্পটে এমন মর্মান্তিক দুর্ঘটনায় জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিনোদন অঙ্গনে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: