শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল :
নড়াইলে মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে পুরাতন বাসটার্মিনাল চত্বরের মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শোভাযাত্রায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এ সময় বক্তারা বলেন, শ্রমিক বা মে দিবস যদি কিয়ামত পর্যন্ত পালিত হয়, তবুও আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, তাহলে আল্লাহপাক শ্রমিকদের জন্য যে অধিকার ধার্য করেছেন, নির্ধারিত করেছেন; আল্লাহর সেই প্রদত্ত অধিকার রাষ্ট্রীয়ভাবে সংবিধানে কার্যকর করতে হবে। তাহলে ভাগ্যের পরিবর্তন করা সম্ভব।
বক্তারা আরো বলেন, কৃষি শ্রমিকদের জন্য সরকারিভাবে অনেক কিছু বরাদ্দ থাকে। কৃষিখাতে অনেক বাজেট করে। সেগুলো নিজেদের আদায় করে নিতে হবে। নিজের অধিকার নিজে আদায় না করলে আরেকজন ফিরিয়ে দিবে না। সভায় প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস। সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল পৌর শাখার সভাপতি সাইমুম হোসাইন শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা আকিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, নড়াইল জর্জকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসাইন, সাধারণ সম্পাদক ডা: কওছার উদ্দীনসহ অনেকে।
এছাড়াও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১১ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. ইদ্রিস মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
লোহাগড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ মোল্যা নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
সাংবাদিক সৈয়দ খায়রুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা শাখা আমির মাওলানা হাদিউজ্জামান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মো. ইমরান হেসাইন, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ মোল্যা, আলমগীর হোসেন, মো. তরিকুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নূন্যতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।