শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
“সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই বলিষ্ঠ অঙ্গীকারকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা এইচ এম শাহাদাত হোসেন। ইফতেখার হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংবাদিক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ দিবাকর বিশ্বাস, চেম্বার অব কমার্সের সভাপতি শেখ মাসুদুর রহমান, রওশনারা মনির, শরীফ ফার্নিচারের ব্যবস্থাপক আঃ হান্নান মোল্লা এবং এ কে পলিমারের মহাব্যবস্থাপক কুতুবুদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক মনির, আকিজ গ্রুপের গোপালগঞ্জ ব্যবস্থাপক আলমগীর আহমেদ এবং জ্যেষ্ঠ সাংবাদিক শেখ ফরিদ আহমেদ, বাদল সাহা, পারভেজ ও সাইফুরসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকের কর্মঘণ্টা নিয়ন্ত্রণ, নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বৈষম্যহীন মজুরি কাঠামো এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও ডমেস্টিক ভায়োলেন্স সেফটি, কৃষকদের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে বাধ্যতামূলক সেফটি পোশাক ব্যবহার এবং সময়মতো বেতন-ভাতা ও মজুরি পরিশোধের মাধ্যমে শ্রমিকবান্ধব শিল্প কলকারখানা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উক্ত আয়োজনে বিভিন্ন সেক্টরের শ্রমিক-মালিক প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমবেত সকলে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন শ্রমবাজার গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: