সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : বুধবার ০৬ মে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এম.পি মুন্সীগঞ্জ জেলা সফর করেন। সফরের অংশ হিসেবে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মুন্সীগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাগণের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মহসীন মিয়াসহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
মতবিনিময় সভায় মাননীয় প্রতিমন্ত্রী বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর।
সভায় বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবনা তুলে ধরেন। মাননীয় প্রতিমন্ত্রী ধৈর্যসহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে মাননীয় প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভবনের অবকাঠামোগত মান, সেবার মানোন্নয়ন এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রদত্ত সুবিধাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভবনটির যথাযথ রক্ষণাবেক্ষণ, সেবার গুণগত মান বৃদ্ধি এবং আগত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।