সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
মানিক সরকার, গাজীপুর : গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন রাজবাড়ী মাঠে টিসিবির ভ্রাম্যমান ট্রাক সেল কার্যক্রম গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিবি ক্যাম্প অফিস গাজীপুরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম।
উদ্বোধনী দিনে সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত ৪০০জন খেটে খাওয়া মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৪৮০ টাকার বিনিময়ে প্রতি লিটার ১৩০ টাকা করে ২ লিটার ভোজ্য তেল, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি ৮০ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় ডিলার খান ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো: আলী হোসেন জানান, আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে ১১ থেকে ২১ মে পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা শহরের ১০ টি পয়েন্টে টিসিবির ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম চলমান থাকবে।
বর্তমান সরকারের জনকল্যাণমুখী এমন কার্যক্রমে নিম্ন আয়ের মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান রাখারও আহ্বান জানান।