বুধবার, ২০ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জ সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০ মে ২০২৬ খ্রি. বুধবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কলেজ প্রাঙ্গণে সকাল ১১:৩০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া তাঁর বক্তব্যে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মেধার পূর্ণ বিকাশে সাহিত্য ও সংস্কৃতির চর্চা অপরিহার্য। এটি তরুণ প্রজন্মকে সুস্থ মানসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ ইকবাল হোসেন। তিনি কলেজের সামগ্রিক সাফল্য তুলে ধরে শিক্ষার্থীদের এই ধরনের সৃজনশীল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
গোপালগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।