সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
২৩ মে ২০২৬ (শনিবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন সংক্রান্ত জেলা পর্যায়ের “সেমিনার” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ গোলাম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান।
সেমিনারে বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যজীবী প্রতিনিধি, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং ইলিশ মাছ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, জাটকা রক্ষা, জেলেদের জীবনমান উন্নয়ন এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যা আমাদের গর্ব। ইলিশ সম্পদ সংরক্ষণ শুধু একটি প্রকল্পের কার্যক্রম নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষার একটি দায়িত্ব। জেলেদের বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়া জাটকা নিধন ও মা ইলিশ আহরণ বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং টেকসই মৎস্যসম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।