বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১০:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ : আজ ০৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মান্দ্রা মৌজায় একটি সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি টিম অংশগ্রহণ করে।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উপপরিচালক মোঃ লুৎফর রহমান, লৌহজং উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, র্যাব-১০ সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস।
এ সময় ০৬ (ছয়) জন মাদক কারবারিকে আটক করা হয় এবং ০১ (এক) জনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়। আটককৃতদের নিকট থেকে ২১০ পিস ইয়াবা, ০৮ কেজি গাঁজা, ০৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ০৪ (চার)টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে ০২ (দুই)টি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।