শুক্রবার, ০৫ Jun ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বিশ্বশান্তি প্রতিষ্ঠা, মানব উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মাদক ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সৎ লোক আশ্রম বাংলাদেশের উদ্যোগে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুর ১২টায় টঙ্গীর শ্রী শ্রী দুর্গা মন্দিরে বাংলাদেশ রবিদাস সমাজ সংস্কৃতি উন্নয়ন সংস্থার আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল-“শান্তির লক্ষ্যে আলোকিত মানুষ গড়া”।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভারতের হরিয়ানার সৎ লোক আশ্রমের সেবায়েত দীপক দাস গুহ। এছাড়াও বক্তব্য রাখেন সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, ঢাকা সেবায়েত আশপুরণ রবিদাস (মহন্ত), বিশিষ্ট আইনজীবী ও লেখক সুবোধ চন্দ্র দাস, বাংলাদেশের সৎ লোক আশ্রমের সেবায়েত মানিক দাস, হায়দ্রাবাদ সেবায়েত সাজু রবিদাস, বিআরডিসি নেতা খোকন দাস, কবি দীপালী রানি দাস, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, সদস্য সাংবাদিক আইয়ুব রানা, সাংবাদিক মিজানুর রহমান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি সুন্জিত রবিদাস এবং বিআরডিসির সভাপতি রঞ্জিত রবিদাস রন্তুসহ অনেকে।
আন্তর্জাতিক ও জাতীয় পদকপ্রাপ্ত নাট্য নির্দেশক প্রেমনাথ রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন শ্রী শ্রী সার্বজনীন টঙ্গী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ।
বক্তারা বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য মানব উন্নয়ন অপরিহার্য। মানব উন্নয়নের জন্য দারিদ্র্য দূরীকরণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সম্প্রীতি বজায় রাখা এবং মাদক ও কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আলোকিত ও নৈতিক মানুষ গড়ে তোলার মধ্য দিয়েই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তারা আরও বলেন, সামাজিক অবক্ষয় রোধে এখনই সচেতন হতে হবে। বিশেষ করে যুব সমাজকে মাদক, অপরাধ ও কুসংস্কার থেকে দূরে রেখে শিক্ষা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের পথে পরিচালিত করতে হবে। আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।