শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: “সাহিত্য সংস্কৃতি হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার”—এই দীপ্ত প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ‘অগ্নিবীণা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’-এর ৫০তম আড্ডা। ১২ জুন (শুক্রবার) বিকাল ৪টায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের এই বিশেষ আয়োজনটি কেবল একটি নিয়মিত আড্ডাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তা রূপ নিয়েছিল কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও শিল্পীদের এক অভূতপূর্ব মিলনমেলায়। একই সাথে এতে উদযাপিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ঈদ পুনর্মিলনী। অগ্নিবীণা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি চমৎকারভাবে পরিচালনা করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো সাহিত্য ও সংস্কৃতি। তরুণ প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ গঠনে অগ্নিবীণার মতো সংগঠনের এমন নিয়মিত সাহিত্য চর্চা প্রশংসনীয় ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদ চৌধুরী, মোঃ সাইফুর রশিদ চৌধুরী এবং কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না। বক্তারা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মেধা ও মননের বিকাশ ঘটিয়ে সমাজকে প্রগতির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। উক্ত ৫০তম আড্ডার পণ্ডিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও সংগঠনের সুধীজন, স্থানীয় কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী এবং আবৃত্তিকারগণ উপস্থিত ছিলেন। আড্ডার শেষ পর্বে কবিরা নিজেদের রচিত কবিতা পাঠ করেন এবং সংগীত শিল্পীদের মনোজ্ঞ ও প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।