সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ : “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জের উদ্যোগে আজ (১৪ জুন ২০২৬) দুপুর ১২টায় মুন্সীগঞ্জ কলেজের সেমিনার কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. বায়েজীদ বোস্তামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব নয়। এ লক্ষ্যে তিনি সমাজের সকল স্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. জাহাঙ্গীর হাসান। তিনি দারিদ্র্য ও শিক্ষা থেকে বিচ্ছিন্নতাই শিশুদের শ্রমে নিয়োজিত হওয়ার অন্যতম প্রধান কারণ উল্লেখ করেন এবং সকলকে শিশুশ্রম বন্ধে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সনাক মুন্সীগঞ্জের সহ-সভাপতি মুহাম্মদ নুরুন্নবী মুন্নার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নির্মূলে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক রেজাউল আমিন, হোসনে আরা আক্তার, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের আহ্বায়ক মোঃ মুশফিকুর সালেহীন সিহাব, শিক্ষার্থী সানজানা প্রমুখ তাদের বক্তব্যে শিশুশ্রম বন্ধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সভায় টিআইবি ও সনাকের পক্ষ থেকে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করা, সিটি কর্পোরেশন ও পৌরসভার তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং শ্রম আইন, ২০০৬-এর কঠোর প্রয়োগসহ বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়। আলোচনায় অংশ নিয়ে সভায় সনাক ও ইয়েস গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশে শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের মতো ঝুঁকিপূর্ণ অপ্রাতিষ্ঠানিক খাতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়োজিত হওয়ার রূঢ় বাস্তবতার প্রেক্ষিতে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন ইয়েস সদস্য নুপূর রানী দাস, আতিকা আকবর ও শারমিন আক্তার জয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সনাক সদস্যবৃন্দ, বিভিন্ন এসিজির সদস্য, সমন্বয়কারী, সহ-সমন্বয়কারী, ইয়েস সহ-দলনেতা ও সদস্যবৃন্দ, মুন্সীগঞ্জ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধীক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।