মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
মো. আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় অষ্টম শ্রেণির বোর্ড রেজিস্ট্রেশন কার্যক্রমে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ৭৪ টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ ছাড়াই ৩শ টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, মাদ্রাসাটির অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩শ টাকা করে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও নানা কারণে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের প্রত্যেকের কাছ থেকেই ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আজগর হোসেন, পূর্ণিমা আক্তার ও রিয়ামনি।
মাদ্রাসার অফিস সহকারী মো. শামসু উদ্দিন বলেন, “অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন ফি বাবদ ৩শ টাকা করে আদায় করা হয়েছে। সংগ্রহকৃত সব টাকা মাদ্রাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত রিসিভিং কপিও আমার কাছে সংরক্ষিত রয়েছে।”
অভিযোগের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সরাসরি এসে বিষয়টি দেখলে বিস্তারিত জানাতে পারব।”
সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, “চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে একটি আবেদনপত্রের অনুলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা উদঘাটনের আহ্বান জানিয়েছেন।