বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ সদর উপজেলা শাখা। কর্মসূচিতে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
আজ বুধবার পাঁচুড়িয়া নিউ মার্কেটস্থ উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও গোপালগঞ্জ পৌরসভার বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন সহকারে এই কর্মসূচিতে অংশ নেন।
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিনের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল কবির দ্বারা পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিক এবং জিয়াউল কবির বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফ রফিকুজ্জামান বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গোপালগঞ্জের মাটি এখন বিএনপির ঘাঁটি। এখানে কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস বরদাশত করা হবে না। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্র প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থাকতে হবে।” যেকোনো অপতৎপরতা কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।