বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নড়াইলের লোহাগড়ায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন, লোহাগড়া এম এ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, লাহুড়িয়া সিদ্দিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ ফজলুল করিম, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস প্রমুখ।
এ সমাবেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মানসিক মুল্যবোধ বিকাশে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।