বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: “Climate Action — জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা**” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও গতিশীল করতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।