শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচীর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের ফলজ বাগানের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০ টার দিকে বিদ্যালয় অডিটোরিয়ামে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্ধোধন করা হয়।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল-২ আসনে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার প্রমুখ।
এছাড়াও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ ম জামশেদ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরিফ, সাবেক সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা শাখার আমির মওলানা হাদিউজ্জামান, সহকারী সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন, লাহুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল জমাদ্দারসহ শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এর আগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বক্তব্যে বলেন, প্রতিটি গাছ একটি অক্সিজেন কারখানা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই আমরা সবাই যদি অন্তত একটি গাছ লাগাই এবং যত্ন নেই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ পৃথিবী পাবে। শিক্ষার্থীদেরকে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পানি দেওয়া ও পরিচর্যা করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের স্মারক প্রদান করা হয়।