মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: বরিশাল সফরে যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে এই যাত্রাবিরতিকালে এক আবেগঘন ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সেখানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য (গোপালগঞ্জ-১) ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে নিজের বহর থামিয়ে বাসে ডেকে নেন প্রধানমন্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসটি বরইতলা এলাকায় পৌঁছালে তিনি সেখানে অপেক্ষমাণ সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লাকে ইশারায় নিজের বাসে ওঠার আহ্বান জানান। নেতার নির্দেশ পেয়ে দ্রুত বাসে চড়ে বসেন সংসদ সদস্য। সেখানে উভয়ের মধ্যে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তাদের এই একান্ত ও আকস্মিক বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মাত্র কয়েক মিনিটের এই আলোচনা শেষে সেলিমুজ্জামান মোল্লা বাস থেকে নেমে আসেন এবং প্রধানমন্ত্রীর সফরবহরটি পুনরায় বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বরইতলা এলাকায় শত শত বিএনপি নেতাকর্মী ও সমর্থক শুভেচ্ছা জানাতে ভিড় জমান। সফরবহরটি সেখানে পৌঁছালে উপস্থিত জনতার মুহুর্মুহু করতালির জবাবে প্রধানমন্ত্রী বাসের ভেতর দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিবাদন জানান।
প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষাৎকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তবে আলোচনার মূল বিষয়বস্তু নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষ বা দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা তথ্য প্রকাশ করা হয়নি।
এ সময় বরইতলা এলাকায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদ কবির আলী, জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।