সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির(৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১০ টায় লেহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিনুর ফকির কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলিনুর ফকির রাতে ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছিলো। এসময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা চাইলে আলিনুরের সাথে তার বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজিব ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত রাজিব শেখ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। লেহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনায় এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত। এ ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।